
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃত দুজনই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭৫ জন। তবে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুজন।
বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১০৩ জন। তাঁদের মধ্যে ৫৭ জন পুরুষ, ৩৬ জন নারী ও ১০ জন শিশু।
হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাস থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ২ হাজার ৩৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন ২০ জন।
হাসপাতালের প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া আল আমিনের বয়স ৩৫ বছর। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নুরুল আমিনের ছেলে। গত ১৬ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটে তিনি হাসপাতালে ভর্তি হন। পরদিন ১৭ সেপ্টেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের দেওয়া মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গু জ্বরের সঙ্গে তীব্র কিডনি জটিলতা, ডায়াবেটিস ও হৃদ্রোগের কথা উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, মারা যাওয়া কুলসুমার বয়স ৫০ বছর। তাঁর বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার গাছতলা এলাকায়। তিনি ইসহাক মিয়ার স্ত্রী। গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টা ৪৮ মিনিটে হাসপাতালে ভর্তি হন তিনি। পরদিন ১৭ সেপ্টেম্বর সকাল ১০টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গু জ্বরের সঙ্গে তীব্র কিডনি জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন অধ্যাপক ডা. এমদাদুল্লাহ খান বলেন, বর্তমানে হাসপাতালে ১০৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।