
বিশ্বের দূষিত ১২৫ শহরের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৯ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৫৭, যা বায়ুর মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে নির্দেশ করছে।
একই সময়ে ২০৬ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুর। ১৮১ স্কোর নিয়ে দেশটির কুচিং শহর দ্বিতীয় এবং ১৫৪ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা তৃতীয় অবস্থানে ছিল।
একিউআই সূচকে ৫০ থেকে ১০০-এর মধ্যে স্কোর হলে বায়ুর মান ‘মাঝারি’ হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। স্কোর ৩০১-এর বেশি হলে বায়ুর মান ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা মানুষের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণের সঙ্গে স্ট্রোক, হৃদ্রোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে মৃত্যুঝুঁকি বৃদ্ধির সম্পর্ক রয়েছে।