.jpg)
দেশের বিভিন্ন এলাকায় সবজির দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। তবে রাজধানীর বাজারগুলোতে দাম বৃদ্ধির প্রবণতা বেশি। কোনো কোনো সবজির দাম কেজিতে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে বেড়েছে কাঁচা মরিচের দাম। মাছ, মাংস ও ডিমের বাজারও এখনো চড়া।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে বেশি দামে সবজি কিনতে হচ্ছে। ফলে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাঁদের।
বাজার ঘুরে দেখা যায়, জাত ও মানভেদে বেগুন প্রতি কেজি ১০০ থেকে ১৬০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা এবং করলা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। পটল ও ঢ্যাঁড়স ৬০ থেকে ৭০ টাকা, চিচিঙা ৬০ থেকে ৭০ টাকা, কাঁকরোল ও ঝিঙা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা এবং লাউ ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া আলু ৩০ টাকা, লতি ৮০ টাকা, কচুরমুখী ৬০ টাকা এবং শসা ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকা এবং চালকুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
লম্বা লাউ ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দামও কিছুটা বেড়ে প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকায় উঠেছে।
ক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। গত সপ্তাহে যেসব সবজি তুলনামূলক কম দামে কেনা গেছে, এখন সেগুলোই বাড়তি দামে কিনতে হচ্ছে।
এদিকে মাছ, ডিম ও মুরগির বাজারও এখনো চড়া। বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকা এবং জাতভেদে সোনালি মুরগি ৩১০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।