
দেশে চলমান গ্যাস সংকটের মধ্যেই জাতীয় গ্যাস গ্রিডে নতুন করে গ্যাস সরবরাহের প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপের লোকেশন-সি থেকে প্রতিদিন সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তিতাস-২৮ নম্বর কূপের লোকেশন-সি-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সংশ্লিষ্টরা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানি সচিব খাইরুজ্জামান মজুমদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
প্রতিদিন মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) জানিয়েছে, তিতাসের ২৮ নম্বর কূপ উৎপাদনে গেলে প্রতিদিন সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
সংস্থাটি আশা করছে, নতুন এই কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হলে দেশে চলমান গ্যাস সংকট কিছুটা কমে আসবে।
গত ডিসেম্বরে শুরু হয় কূপ খনন
বিজিএফসিএলের তথ্য অনুযায়ী, গত বছরের ১৫ ডিসেম্বর তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ শুরু করা হয়। কূপটির খননকাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সানকুইন ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিসিডিসি)।
এর আগে গত বছরের ১০ এপ্রিল সম্পাদিত চুক্তির আওতায় কূপটির রিগ ফাউন্ডেশন নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। একই সঙ্গে খননযন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামালও নির্ধারিত স্থানে মোবিলাইজেশন করা হয়।
রিগ ফাউন্ডেশন নির্মাণ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল মোবিলাইজেশনের কাজ শেষ হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের লোকেশন-সি এলাকায় তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ শুরু করা হয়।
এখন কূপটি উৎপাদনে যাওয়ার পর সেখান থেকে প্রতিদিন সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে জানিয়েছে বিজিএফসিএল।