
প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টেলিভিশনের সাবেক পরিচালক আহমেদ জোবায়েরের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। ফলে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে তাকে।
রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আহমেদ জোবায়েরের আইনজীবী ফরহাদ হোসাইন নিয়ন।
এর আগে, একই মামলায় গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে সেদিন মামলার অপর তিন আসামির জামিন মঞ্জুর করা হয়।
জামিন পাওয়া তিন আসামি হলেন আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন এবং সানি চৌধুরী। এর আগে আদালতের জারি করা সমন অমান্য করায় গত ১৭ জুন আহমেদ জোবায়েরসহ ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে চার আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং কাগজপত্র জালিয়াতির অভিযোগে গত ১০ মে আহমেদ জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন সৈয়দ আসাদুজ্জামান। অভিযোগ গ্রহণ করে সেদিনই আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন এবং ১৭ জুনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত দিনে কেউ উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলায় পরোয়ানাভুক্ত অপর দুই আসামি হলেন আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী এবং তাদের সন্তান সারাফ নাওয়ার জয়ীতা।