
ঐতিহ্যের ৮০ বছর পূর্তি উদযাপনে আজ শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ২০ হোস্টেল প্রকল্পের আওতায় নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি। এ আয়োজনে উপস্থিত থাকবেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও প্রধানমন্ত্রীপত্নী ডা. জুবাইদা রহমান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজে দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রথম দিনের অনুষ্ঠানে রয়েছে বর্ণাঢ্য র্যালি, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য পরিবেশনা, র্যাফেল ড্র এবং নগর বাউল জেমসের কনসার্ট।
দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান দুটি নতুন ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে তারা শহীদ ডা. মিলন অডিটোরিয়ামের সামনের লনে বৃক্ষরোপণ করবেন। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের পর সংবাদকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যও দেবেন তারা।
ঢাকা মেডিকেল কলেজ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৯৪৬ সালের ১০ জুলাই প্রাক্তন সচিবালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের যাত্রা শুরু হয়। প্রতিবছর দিনটি ‘ডিএমসি ডে’ হিসেবে পালন করা হয়। এ বছর ৮০ বছর পূর্ণ করে ৮১তম বছরে পদার্পণ করছে দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান।