
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফর বাংলাদেশে নতুন জাপানি বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, প্রত্যাশার চেয়েও সফল হবে এই সফর।
শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জলবায়ু সম্মেলন কপ-৩১ নিয়ে আয়োজিত জাতীয় সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার কখন কোন রাষ্ট্রদূতকে ডেকে পাঠাবে, তা স্বাভাবিক প্রক্রিয়া এবং মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়।
এর আগে সংলাপে বক্তব্যে শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নেতৃত্বের অবস্থান আরও শক্তিশালী করতে চায় সরকার। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘ক্লাইমেট চেঞ্জ উইং’ খোলা হয়েছে।
তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের অভিন্ন অবস্থান তুলে ধরতে হবে। এ জন্য সব অংশীজনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারী ও শিশুদের সমস্যাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তাদের সংকট ও ঝুঁকি বিবেচনায় না নিলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা সম্ভব হবে না।