
প্রভাবশালী চাঁদাবাজদের ভয়ে অনেক ভুক্তভোগী থানায় অভিযোগ করতে চান না, আবার অনেকে সাক্ষ্য দিতেও ভয় পান। এ পরিস্থিতি মোকাবিলায় চাঁদাবাজির বিরুদ্ধে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আইনটি কার্যকর হলে ভুক্তভোগীর অভিযোগ ছাড়াই পুলিশ নিজে বাদী হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনার বয়রায় কেএমপি পুলিশ লাইনসে খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন, বলপ্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী বলা হয়, আবার বলপ্রয়োগ না করলে মানুষ পুলিশকে দুর্বল মনে করে। গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আইজিপি বলেন, সমাজে মাদককে প্রতিষ্ঠিত করা হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে কাজ করছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে একটি আইনি কাঠামো তৈরির কাজ চলছে। এর আওতায় কমিউনিটি পুলিশিং পুলিশের একটি শাখা হিসেবে কাজ করবে।
তিনি আরও জানান, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে দেশব্যাপী যৌথ অভিযান চলছে। একই সঙ্গে চাঁদাবাজির ঘটনায় ভুক্তভোগীরা ভয়ে অভিযোগ না করলেও পুলিশ যেন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করতে পারে, সে ক্ষমতা দিতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।