
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির অগণিত ভক্তের একজন অভিনেত্রী সামিরা খান মাহি। প্রিয় তারকার খেলা গ্যালারিতে বসে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাসে ভেসেছেন তিনি। যুক্তরাষ্ট্রের মায়ামিতে ইন্টার মায়ামির ম্যাচ দেখতে গিয়ে মেসিকে সামনে থেকে দেখার সেই বিশেষ মুহূর্তের স্মৃতি এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন মাহি। ছবিগুলোতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের মায়ামিতে নু স্টেডিয়ামে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন দুই বান্ধবী, যাদের একজন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ছবিতে তিন বান্ধবীর উচ্ছ্বাস ও আনন্দের মুহূর্ত ধরা পড়েছে। একটি ছবিতে দেখা গেছে মেসিকেও।
ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘হুট করে মায়ামিতে গিয়ে এরকম একটা সারপ্রাইজ পেয়ে যাব, এটা কখনো কল্পনাও করিনি। নিঃসন্দেহে ব্যাপারটা আমার ভাবনার বাইরে ছিল।’
গত ১৪ অক্টোবর নু স্টেডিয়ামে নিউইয়র্ক সিটি এফসির মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। ম্যাচে মেসি গোল না পেলেও তার দল ২-০ ব্যবধানে জয় পায়। ওই ম্যাচের গ্যালারিতেই উপস্থিত ছিলেন মাহি ও মিথিলারা। কয়েক দিন পর সেই স্মৃতি অনুসারীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।
এর আগে জানা যায়, ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মাহি ও মিথিলা। এ সফরে দেশটির কয়েকটি শহর ঘুরে দেখেন তারা। সেই ভ্রমণেই মেসির খেলা দেখার অভিজ্ঞতা তাদের জন্য বিশেষ স্মৃতি হয়ে থাকল।