.jpg)
বলিউড অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা জানিয়েছেন, সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের সময় সহ-অভিনেতাদের আচরণে একাধিকবার অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। এমনকি শুটিংয়ের সেটে নিজেকে অপমানিত ও বিব্রত বোধ করার অভিজ্ঞতাও হয়েছে তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব ঘটনার কথা তুলে ধরেছেন ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’ ও ‘ওয়ার’-এর মতো আলোচিত ছবিতে অভিনয় করা এই অভিনেত্রী।
জনপ্রিয় ইউটিউবার ও সঞ্চালক সিদ্ধার্থ কাননের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অনুপ্রিয়া। সেখানে সঞ্চালক তাঁর কাছে জানতে চান, শুটিংয়ের সময় কোনো সহ-অভিনেতা তাঁর সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন কি না।
জবাবে অনুপ্রিয়া একটি চুম্বন দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন, “একবার এমন হয়েছিল, যখন মানুষটি ইচ্ছাকৃতভাবে কিছু করেননি, কিন্তু উত্তেজনায় নিজেকে সামলাতে পারেননি। আমি বুঝতে পারছিলাম, তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, যা একেবারেই হওয়া উচিত নয়। তখন নিজেকে লাঞ্ছিত মনে হয়েছিল।”
পোশাক নিয়ে অস্বস্তি, সহ-অভিনেতার আচরণে বিব্রত
আরেকটি ঘটনার কথাও জানিয়েছেন অনুপ্রিয়া। ওই সময় তাঁর পরনে থাকা পোশাক খুব একটা আরামদায়ক ছিল না। পরিস্থিতি সামাল দিতে সহ-অভিনেতার কাছ থেকে সহযোগিতা আশা করেছিলেন তিনি। কিন্তু ওই অভিনেতার আচরণ তাঁকে সহায়তা করার পরিবর্তে আরও বেশি অস্বস্তিতে ফেলে দেয়।
অনুপ্রিয়া জানান, ঘটনার সময়ই প্রতিবাদ করা তাঁর জন্য সহজ ছিল না। কারণ, সংশ্লিষ্ট অভিনেতা ঘটনাটিকে অনিচ্ছাকৃত ভুল বলে এড়িয়ে যাওয়ার সুযোগ পেতেন।
পরে উপযুক্ত সময় বুঝে ব্যক্তিগতভাবে ওই অভিনেতার সঙ্গে কথা বলেন তিনি। ভবিষ্যতে এমন আচরণ থেকে বিরত থাকতে তাঁকে সংযত হওয়ার অনুরোধ জানান অনুপ্রিয়া। অভিনেত্রী জানান, তাঁর কথা শুনেছিলেন ওই সহ-অভিনেতা। তবে সাক্ষাৎকারে তাঁর নাম প্রকাশ করেননি তিনি।
অনুপ্রিয়ার মতে, সিনেমা কিংবা ওয়েব সিরিজের চিত্রনাট্যের প্রয়োজনে অন্তরঙ্গ দৃশ্য থাকতে পারে। কিন্তু এ ধরনের দৃশ্যের শুটিংয়ের সময় পরিচালক ও অভিনয়শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি। সেটে সবাই পরস্পরের প্রতি সম্মান দেখালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সহজেই এড়ানো সম্ভব বলে মনে করেন তিনি।
‘ববি জাসুস’ দিয়ে বলিউডে যাত্রা শুরু
২০১৪ সালে ‘ববি জাসুস’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় অনুপ্রিয়া গোয়েঙ্কার। এরপর ‘ঢিশুম’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘পদ্মাবত’ ও ‘ওয়ার’-এর মতো বড় বাজেটের সিনেমায় অভিনয় করে পরিচিতি ও প্রশংসা অর্জন করেন তিনি।
সম্প্রতি অপরশক্তি খুরানা ও রাহুল বোসের সঙ্গে ‘বার্লিন’ সিনেমায় তাঁর অভিনয় সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
শুধু সিনেমা নয়, ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অবস্থান তৈরি করেছেন অনুপ্রিয়া। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ওয়েব সিরিজের তালিকায় রয়েছে ‘সেক্রেড গেমস’, ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘অসুর: ওয়েলকাম টু ইয়োর ডার্ক সাইড’, ‘আশ্রম’ এবং ‘সুলতান অব দিল্লি’।