
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে সেখানে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পাওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এ ঘটনায় রায়হানের আশ্রয়দাতা এবং তার পিস্তল নিজের জিম্মায় রাখা ব্যক্তিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।
তিনি জানান, অভিযানে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।
অভিযানের বিস্তারিত জানাতে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে পুলিশ সুপার এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।