
ফেসবুক পেইজের লাইক ও ফলোয়ার বাড়ানোর জন্য সরাসরি বিজ্ঞাপন চালানোর প্রচলিত পদ্ধতিতে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বিভিন্ন বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্টে ‘Page likes’ পারফরম্যান্স লক্ষ্যটি আর কাজ করছে না। এর পরিবর্তে পেইজে ব্যবহারকারী আনার জন্য ‘Maximize number of Facebook Page visits’ লক্ষ্য স্বয়ংক্রিয়ভাবে দেখানো হচ্ছে।
গত সপ্তাহ থেকে বিভিন্ন অ্যাকাউন্টে বিজ্ঞাপন তৈরির সময় ‘Page likes performance goal is no longer available’ বার্তাটি দেখা যাচ্ছে। একই সঙ্গে পেইজের লাইক বা ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে ‘Maximize number of Facebook Page visits’ লক্ষ্য ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
এর ফলে বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহারকারীকে সরাসরি লাইক বা ফলো করার দিকে নেওয়ার বদলে প্রথমে সংশ্লিষ্ট ফেসবুক পেইজে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পেইজে ঢোকার পর ব্যবহারকারী কনটেন্ট পছন্দ করলে নিজের আগ্রহ অনুযায়ী সেটি লাইক বা ফলো করতে পারবেন।
তবে এই পরিবর্তনটি ফেসবুকের সব অ্যাকাউন্টে কার্যকর হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। বিভিন্ন দেশের বিজ্ঞাপনদাতা ও ডিজিটাল মার্কেটিং পেশাজীবীদের অভিজ্ঞতাও এক নয়। কেউ জানিয়েছেন, তাঁদের অ্যাকাউন্টে ‘Page likes’ লক্ষ্যটি আর ব্যবহার করা যাচ্ছে না। আবার কিছু অ্যাকাউন্টে আগের সুবিধাটি এখনো সচল রয়েছে।
ফলে এটি মেটার স্থায়ী নীতিগত পরিবর্তন, নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টে চালানো পরীক্ষা, নাকি ধাপে ধাপে নতুন বিজ্ঞাপনব্যবস্থা চালুর অংশ—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মেটার পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
আগে ফেসবুক বিজ্ঞাপন ব্যবস্থাপনায় নতুন ক্যাম্পেইন তৈরির সময় পেইজের লাইক বাড়ানোর জন্য নির্দিষ্ট পারফরম্যান্স লক্ষ্য বেছে নেওয়ার সুযোগ ছিল। বর্তমানে কিছু অ্যাকাউন্টে সেই বিকল্পের পরিবর্তে পেইজ ভিজিট বাড়ানোর লক্ষ্য নির্বাচন করা হচ্ছে।
নতুন পদ্ধতিতে বিজ্ঞাপনে আগ্রহী ব্যবহারকারীকে সংশ্লিষ্ট পেইজে নেওয়া হবে। এরপর পেইজের কনটেন্ট, তথ্য বা অন্যান্য উপাদান দেখে ব্যবহারকারী লাইক কিংবা ফলো করার সিদ্ধান্ত নিতে পারবেন।
ইনস্টাগ্রামেও কাছাকাছি ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। সেখানে বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহারকারীকে সরাসরি নির্দিষ্ট অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরাসরি ‘Page likes’ লক্ষ্য ব্যবহার করে বিজ্ঞাপন চালানো দীর্ঘদিন ধরে পেইজের দর্শকসংখ্যা বাড়ানোর একটি প্রচলিত উপায়। তাই নতুন লক্ষ্য চালু হওয়ায় বিজ্ঞাপনদাতাদের মধ্যে এর কার্যকারিতা ও ভবিষ্যৎ ব্যবহার নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বিশেষ করে যেসব পেইজ নিয়মিত বিজ্ঞাপন দিয়ে লাইক ও ফলোয়ার বাড়াত, তাদের জন্য নতুন ব্যবস্থায় কৌশল পরিবর্তনের প্রয়োজন হতে পারে। তবে মেটার আনুষ্ঠানিক ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত এটিকে সবার জন্য কার্যকর স্থায়ী পরিবর্তন হিসেবে দেখার সুযোগ নেই।
‘Page likes’ লক্ষ্যটি কোনো অ্যাকাউন্টে আর ব্যবহার করা না গেলে পেইজ পরিচালকদের কনটেন্টের মান ও ব্যবহারকারীর স্বাভাবিক আগ্রহ তৈরিতে বেশি গুরুত্ব দিতে হবে। বিজ্ঞাপনের মাধ্যমে প্রথমে পেইজে দর্শক আনার পর ভালো কনটেন্টের মাধ্যমে তাদের লাইক বা ফলোয়ারে পরিণত করার কৌশল নেওয়া যেতে পারে।
কোনো পোস্ট ভালো সাড়া পেলে সেটিতে প্রতিক্রিয়া জানানো ব্যবহারকারীদের পেইজ ফলো করার আমন্ত্রণও পাঠানো সম্ভব। পাশাপাশি বিজ্ঞাপনের উদ্দেশ্য হিসেবে সম্ভাব্য গ্রাহকের তথ্য সংগ্রহ, ওয়েবসাইটে দর্শক আনা বা সরাসরি বিক্রি বাড়ানোর মতো বিকল্প লক্ষ্য ব্যবহার করা যেতে পারে।
সব মিলিয়ে ফেসবুকের বিজ্ঞাপন ব্যবস্থাপনায় ‘Page likes’ লক্ষ্যটি স্থায়ীভাবে বন্ধ হচ্ছে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিভিন্ন অ্যাকাউন্টে ভিন্ন অভিজ্ঞতা পাওয়া যাওয়ায় মেটার আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এটিকে সীমিত পরিসরের পরিবর্তন বা পরীক্ষামূলক ব্যবস্থাও হতে পারে বলে বিবেচনা করা হচ্ছে।