
রাজধানীর বংশাল থানা এলাকায় পৃথক অভিযানে ১০৫টি চোরাই বাইসাইকেলসহ ছয় চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত সাইকেল ও বডির আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৮ হাজার টাকা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সাজু (৩৫), রাজন (২২), মো. সোহেল (৪৫), সায়াতুল্লাহ ওরফে আকাশ (৩৮), আব্দুর রহমান ভিকি (৩০) ও সীমা (৪০)।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, ফ্রাইডে (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কাজী আলাউদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে সাজু ও রাজনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে নাজিম উদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে চক্রের বাকি চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে গ্রেপ্তারদের হেফাজত থেকে ১০১টি চোরাই বাইসাইকেল ও ৪টি বাইসাইকেলের বডি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বংশাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ডিএমপির অন্যান্য থানায়ও একাধিক মামলা রয়েছে।
ডিসি আরও বলেন, “গ্রেপ্তাররা একটি সক্রিয় চোরাই বাইসাইকেল চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বাইসাইকেল চুরি করে এবং চোরদের কাছ থেকে সংগ্রহ করে বংশাল এলাকায় বিক্রি করত।”