
জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ বাব এল-মান্দেব প্রণালি নিয়ে আলোচনার জন্য বৈঠক আহ্বান করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার নিউইয়র্কে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা প্রণালিটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে দাবি করা হয়েছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়েছে। কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে থাকা ফ্রান্স বৈঠকের অনুরোধ জানিয়েছে।
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা) বৈঠকটি হওয়ার কথা। বাব এল-মান্দেব প্রণালি লোহিত সাগরের মাধ্যমে ইউরোপ ও এশিয়াকে সংযুক্ত করেছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি অচল হয়ে পড়ায় বিকল্প এই জলপথটির গুরুত্ব আরও বেড়েছে।
হুতিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। মূল্যস্ফীতির আশঙ্কায় মঙ্গলবার এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। মার্কিন ট্রেজারি বন্ডের সুদহার ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। অপরিশোধিত তেলের দামও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।
ইয়েমেনের উপকূলবর্তী এই প্রণালি দিয়ে জাহাজ প্রবেশের পর সুয়েজ খালের দিকে যায়। এদিকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানা গেছে।
অন্যদিকে হুতিদের বিরুদ্ধে সব ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে রিয়াদ নেতৃত্বাধীন ‘ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠা জোট’। মঙ্গলবার জোটটি জানিয়েছে, হুতিদের হামলার দৃঢ়ভাবে জবাব দেওয়া হবে।
বাব এল-মান্দেব প্রণালি হুতিদের নিয়ন্ত্রণে যাওয়ায় বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে সৌদি আরব। গত সপ্তাহে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছিল, ইরান সমর্থিত এই গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন সৌদি যুবরাজ। তবে ট্রাম্প সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।