
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকার কথা দিয়ে কথা রাখছে না।
শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এনসিপির সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক পটপরিবর্তন হলেও সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। একটি নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু ক্ষমতায় এসে তারা আগের অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনার দিকে এগোচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এর বিভিন্ন নিদর্শন ক্যাম্পাসগুলোতেও দেখা যাচ্ছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠা, ফ্যাসিবাদ ও গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, গণতান্ত্রিক ছাত্রশক্তি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পর্যন্ত বিভিন্ন সংগঠন সেই লড়াইয়ের উত্তরাধিকার বহন করেছে। জাতীয় ছাত্রশক্তি সেই লড়াইয়ের উত্তরসূরি হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছিল এবং ছাত্রলীগকে পরাজিত করার মধ্য দিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই লড়াই এখনো শেষ হয়নি।
গণভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে গণরায় বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছিল। সেই গণরায় বাস্তবায়নে জাতীয় ছাত্রশক্তিকে মাঠে থেকে কাজ চালিয়ে যেতে হবে। সংস্কার, বিচার, আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার সংস্কার থেকে সরে গেছে। পিএসসিতে ভাইভার নম্বর বাড়িয়ে দলীয় লোকদের নিয়োগের সুযোগ তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আখতার হোসেন বলেন, শেখ হাসিনার আমলে ছিল কোটা প্রথা, আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তৈরি করছেন ‘ভাইভা কোটা’।
কাউন্সিলে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির এবং সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়াম।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম। সাধারণ সম্পাদক হয়েছেন ফেরদৌস আইয়াম এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জহির রায়হান।