
ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ, গুলির শব্দ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আরও ১০টি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে পরিবেশমন্ত্রীর বাড়ির পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে। এ ছাড়া চারজনকে ফেনী হাসপাতালে পাঠানো হয়। বাকিদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত বাসুর বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহতদের মধ্যে রয়েছেন জুয়েল (৩৬), জহিরুল হক রুবেল (৩০), আমজাদ হোসেন টিপু (৩৫), মোশাররফ হোসেন ফয়সাল (৩৮), মোহাম্মদ শামীম (৪০), মহিবুল ইসলাম রাজু (৩৫), মোহাম্মদ তানভীর (২০), হৃদয় (২৫), রুবেল (৩০), বাশার (৩২), সোহরাব হৃদয় (২৩), ইয়াকুব আলী (৩১) ও বাসু (২১)।
সংঘর্ষের পর থেকে মোহাম্মদ ছোটন নামে যুবদলের এক কর্মী নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তার রাজনৈতিক সহযোদ্ধারা। তাদের অভিযোগ, আহত শিবলু ও জুয়েলকে আটক করে রাজু ও জসিম জোর করে মন্ত্রীর বাড়িতে হামলার কথা স্বীকার করানোর চেষ্টা করেছেন।
যেভাবে সংঘর্ষের সূত্রপাত
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ও চিৎকার-চেঁচামেচি শুরু হয়। এ সময় শতাধিক মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়। সংঘর্ষ চলাকালে দেশি অস্ত্রের পাশাপাশি ভারী অস্ত্র প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আহতদের কয়েকজনের অভিযোগ, প্রায় ৩০টি মোটরসাইকেলে করে ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি জামশেদুর রহমান ফটিকের অর্ধশতাধিক অনুসারী পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের আমুভূঞার হাটে যুবদলের একটি বৈঠকে যাচ্ছিলেন। পথে আলাইয়ারপুর গ্রামে পরিবেশমন্ত্রীর বাড়ির উত্তর পাশে সূর্যের হাসি ক্লিনিক মোড়ে পৌঁছালে চারদিক থেকে তাদের ওপর হামলা চালানো হয়।
তাদের দাবি, শ্রমিক দলের আহ্বায়ক জসিম উদ্দিনের নেতৃত্বে রাজু, হৃদয়সহ ৫০ থেকে ৬০ জন তাদের মারধর করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে কুপিয়ে আহত করা হয়। হামলাকারীরা কয়েকটি ফাঁকা গুলি ছোড়ার পাশাপাশি শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটান বলেও অভিযোগ করেন তারা। এতে তাদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং আরও ১০টি ভাঙচুর করা হয়।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন শ্রমিক দলের আহ্বায়ক জসিম উদ্দিন। তার দাবি, অস্ত্রসজ্জিত অর্ধশতাধিক ব্যক্তি পরিবেশমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা করলে এলাকাবাসী তাদের প্রতিহত করেন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের লোকজন আহত হন। ককটেল বিস্ফোরণের জন্যও ফটিকের অনুসারীদের দায়ী করেন তিনি।
জামশেদুর রহমান ফটিক বলেন, তার অনুসারীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। পথে কোনো ধরনের উসকানি ছাড়াই জসিমের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়েছে।
তিনি আরও দাবি করেন, সংঘর্ষের স্থান থেকে পরিবেশমন্ত্রীর বাড়ি অনেক দূরে। সেখানে হামলা করার কোনো কারণ ছিল না।
মন্ত্রীর বাড়িতে হামলার অভিযোগ ও পুলিশের বক্তব্য
পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই এবং দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, তার বাড়িতে হামলার চেষ্টা হলে স্থানীয় লোকজন তা প্রতিহত করেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌসি বেগম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে গজারিয়া রোডে মোহাম্মদ ইসমাইল হোসেন নামে শ্রমিক দলের এক নেতাকে মারধরের ঘটনা ঘটে।