
নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১১ মে) সকালে রানওয়েতে নামার মুহূর্তে বিমানের চাকায় আগুন ধরে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত উদ্ধার তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইস্তাম্বুল থেকে ছেড়ে আসা টার্কিশ এয়ারলাইনসের ‘টিকে-৭২৬’ ফ্লাইটে ২৭৮ জন যাত্রী ও ১১ জন ক্রু সদস্য ছিলেন। বিমানটি কাঠমান্ডুতে অবতরণের সময় হঠাৎ চাকার অংশে আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সব আরোহীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।
প্রাথমিকভাবে কেউ হতাহত না হলেও ঘটনাটি ঘিরে বিমানবন্দরে চরম উৎকণ্ঠা তৈরি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের খবর ছড়িয়ে পড়তেই বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ক্রু সদস্যদের নির্দেশনায় যাত্রীরা দ্রুত বের হয়ে আসেন।
ঘটনার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। একটি গণমাধ্যমকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
পাহাড়ঘেরা ভৌগোলিক অবস্থানের কারণে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বের ঝুঁকিপূর্ণ বিমানবন্দরগুলোর একটি হিসেবে ধরা হয়। উঁচু ভূমিতে নির্মিত এই বিমানবন্দরের রানওয়েতে অবতরণ ও উড্ডয়নের সময় পাইলটদের বাড়তি সতর্কতা প্রয়োজন হয়। গত এক দশকে সেখানে একাধিক বড় দুর্ঘটনার ঘটনাও ঘটেছে।