
সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইন পুনরায় চালু হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে। এর প্রভাবে বুধবার (২৩ সেপ্টেম্বর) টানা ষষ্ঠ সেশনের মতো কমেছে তেলের দাম। এদিন দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে অপরিশোধিত তেলের মূল্য।
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৯ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ৯৮ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৬৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ০১ ডলারে নেমেছে।
ইরানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বক্তব্যের মধ্যেও তাঁর প্রতিনিধিরা ইরানি পক্ষের সঙ্গে ইতিবাচক আলোচনা করেছেন বলে জানিয়েছেন ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। নিউইয়র্কে এসব আলোচনার পর দীর্ঘদিন ধরে চলা সংঘাতের অবসানের সম্ভাবনা তৈরি হয়েছে বলে বাজারে আশাবাদ দেখা দেয়। এর প্রভাবে মঙ্গলবার ৮ সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে যায়।
এর আগে গত ১১ সেপ্টেম্বর ইরাকি মিলিশিয়াদের ড্রোন হামলার পর সৌদি আরব তাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ করে দিয়েছিল। হরমুজ প্রণালি এড়িয়ে ইয়ানবু বন্দরে বৈশ্বিক চাহিদার প্রায় ৪ শতাংশ, অর্থাৎ দৈনিক প্রায় ৪০ লাখ ব্যারেল তেল পরিবহনে সক্ষম পাইপলাইনটি মঙ্গলবার পুনরায় চালু করা হয়। এতে সরবরাহ নিয়ে বাজারের উদ্বেগ কিছুটা কমেছে।
এদিকে ইরাকের তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ জানিয়েছেন, দেশটির অপরিশোধিত তেল রপ্তানি দৈনিক ৩০ লাখ ব্যারেলের বেশি হয়েছে। তুরস্কের মাধ্যমে এই রপ্তানি দৈনিক ৬ লাখ ব্যারেলে উন্নীত করার প্রক্রিয়াও চলছে।
অন্যদিকে, ১৮ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের তেল মজুত ১৮ লাখ ব্যারেল বেড়েছে। দেশটির মজুত বৃদ্ধিও তেলের বাজারে দরপতনের চাপ বাড়িয়েছে।
সূত্র: রয়টার্স