
পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাওয়ের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় প্রথমে বেড়া থানা ঘিরে বিক্ষোভ করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে এ খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বেড়া থানার সামনে অবস্থান নেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন। এ ঘটনার একটি ভিডিও ‘পাবনা জেলা ছাত্রলীগ’ নামের ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
বিএনপি-আ.লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ
রাত ৮টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই কর্মসূচির প্রতিবাদে মিছিল বের করেন বেড়া পৌর বিএনপির নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
থানা পুলিশের বক্তব্য
ঘটনার বিষয়ে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাশিদুল ইসলাম বলেন, বিক্ষোভ মিছিলটি থানা-সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় মিছিলকারীরা থানার ফটকের সামনে কিছুক্ষণ স্লোগান দিয়েছেন। তবে ঘটনাটিকে থানা ঘিরে বিক্ষোভ বলা ঠিক হবে না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।