
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য পরিবর্তন নিয়ে বর্তমানে প্রায় ৩৪ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
সোমবার (১৬ মার্চ) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১৬ মার্চ পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ২২১ দশমিক ৭৮ মিলিয়ন ডলার, যা প্রায় ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলারের সমান।
অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)–এর বিপিএম–৬ হিসাব পদ্ধতি অনুসারে রিজার্ভের পরিমাণ কিছুটা কম। এই পদ্ধতিতে বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৫২৮ দশমিক ১৬ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ২৯ দশমিক ৫২ বিলিয়ন মার্কিন ডলার।
এর আগে গত ১১ মার্চ দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ২৯ বিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম–৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ ছিল ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, আইএমএফের বিপিএম–৬ পদ্ধতিতে রিজার্ভ নির্ধারণের সময় স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে প্রকৃত বা নিট রিজার্ভ হিসাব করা হয়। অর্থাৎ মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দেওয়ার পর যে পরিমাণ অবশিষ্ট থাকে, সেটিই নিট রিজার্ভ হিসেবে গণনা করা হয়।