
ভারতের পরবর্তী সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হবেন।
শনিবার (১৩ জুন) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ভারতের গণমাধ্যম নিউজ এইটটিন ও হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আগামী ৩০ জুন অবসরে যাচ্ছেন। একই দিন বিকেলে আনুষ্ঠানিকভাবে ভারতীয় সেনাবাহিনীর ৩১তম প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন ধীরাজ শেঠ। তিনি ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন।
লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ বর্তমানে দেশটির সেনাবাহিনীর উপ-প্রধান (Vice Chief of the Army Staff) হিসেবে কর্মরত আছেন। তিনি ভারতের মর্যাদাপূর্ণ ‘ন্যাশনাল ডিফেন্স একাডেমি’ (NDA)-র একজন প্রাক্তন শিক্ষার্থী। ১৯৮৬ সালের ডিসেম্বরে তিনি ভারতীয় সেনাবাহিনীর সাঁজোয়া বাহিনীতে (Armoured Corps) কমিশন লাভ করেন।
বিগত প্রায় চার দশকের বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ব্যাপক ও সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন।
লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ তাঁর দীর্ঘ কর্মজীবনে ভারতের পশ্চিমাঞ্চলীয় থিয়েটারে একটি সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু-কাশ্মীরে কাউন্টার-ইনসার্জেন্সি (বিদ্রোহ দমন) ফোর্সের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি সেনাবাহিনীর অন্যতম স্ট্রাইক ফর্মেশন ‘সুদর্শন চক্র কর্পস’-এর কমান্ডিং অফিসার এবং ‘দিল্লি এরিয়া’র জেনারেল অফিসার কমান্ডিং (GOC) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সেনাপ্রধানের দায়িত্ব পাওয়ার আগে তিনি দেশটির ‘সাউথ ওয়েস্টার্ন কমান্ড’ এবং ‘সাউদার্ন কমান্ড’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করার এক বিরল কৃতিত্ব অর্জন করেন।
চমৎকার পেশাদার রেকর্ডের অধিকারী এই কর্মকর্তা জুনিয়র কমান্ড কোর্সে প্রথম স্থান অধিকার করেছিলেন। এছাড়া তিনি প্যারিসে অনুষ্ঠিত ‘কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স’ সম্পন্ন করেছেন। দেশের সামরিক খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পরম বিশিষ্ট সেবা মেডেল (PVSM), উত্তম যুদ্ধ সেবা মেডেল (UYSM) এবং অতি বিশিষ্ট সেবা মেডেল (AVSM)-এ ভূষিত হয়েছেন।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, পাকিস্তান ও চীন সীমান্তে ভারতের চলমান সামরিক তৎপরতা ও দীর্ঘমেয়াদি কৌশলগত রূপান্তরের ক্ষেত্রে ধীরাজ শেঠের এই চার দশকের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।