
দেশের বিভিন্ন এলাকায় আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের করিমগঞ্জ সীমান্তঘেঁষা ভারতের শিলচর এলাকায়।
ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৫। এর কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে অবস্থান করছিল।
ভূমিকম্পের কম্পন সিলেট, ময়মনসিংহ ও রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে রাত পর্যন্ত কোথাও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে রোববার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটের দিকে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী ভুটান।
স্বল্প সময়ের ব্যবধানে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।