
গতকাল (৫ এপ্রিল) ছিল দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানার জন্মদিন। আর এই বিশেষ দিনকে কেন্দ্র করে প্রকাশিত পোস্টারেই মিলেছে সেই আভাস, যেখানে তাকে দেখা যাচ্ছে রণচণ্ডী অবতারে, চোখেমুখে প্রতিশোধের আগুন আর মুখে আঘাতের দাগ যেন গল্পের তীব্রতা আগেই জানিয়ে দিচ্ছে। নতুন সিনেমা ‘মাইসা’য় হাজির হচ্ছেন একেবারে ভিন্ন, বিধ্বংসী রূপে।
নির্মাতা রবীন্দ্র পুল্লে সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করে এক আবেগঘন বার্তায় জানান, ‘তিনি মায়া দিয়ে শাসন করেছেন, লাবণ্য দিয়ে জয় করেছেন, এবার আসছেন রণচণ্ডী মূর্তিতে।’
একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, এটি হতে যাচ্ছে রাশমিকার ক্যারিয়ারের সবচেয়ে শক্তিশালী ও বিস্ফোরক পারফরম্যান্সগুলোর একটি। উপজাতীয় পটভূমিতে নির্মিত এই অ্যাকশনধর্মী চলচ্চিত্রে দর্শক দেখবেন একদম নতুন এক রাশমিকাকে, যিনি শুধু আবেগ নয়, শক্তি আর প্রতিশোধের গল্পও বয়ে আনবেন পর্দায়।
‘মাইসা’ নির্মিত হচ্ছে আনফর্মুলা ফিল্মসের ব্যানারে, যেখানে গল্পের কেন্দ্রে রয়েছে এক নারীর রূপান্তর, সংগ্রাম আর প্রতিরোধের বিস্ফোরক যাত্রা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।
এদিকে ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ে পা রেখেছেন এই তারকা। গত ফেব্রুয়ারিতে ভারতের উদয়পুরে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা-র সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি। পরে হায়দরাবাদে আয়োজন করা হয় জমকালো বিবাহোত্তর সংবর্ধনা। বিয়ের আনন্দ ভাগ করে নিতে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ ও মন্দিরে অন্নদানের মতো উদ্যোগও নেন এই তারকা দম্পতি।