
নিউইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানির কিছু নীতিগত অবস্থানকে তীব্রভাবে সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি মামদানির প্রস্তাবগুলোকে ‘নিরর্থক ও মূর্খামি’ বলে অভিহিত করেন।
‘দ্য ফুল সেন্ড পডকাস্ট’-এ অংশ নিয়ে নেতানিয়াহু বলেন, মামদানি নির্বাচিত হলেও তাঁর নীতিগুলো এতটাই অবাস্তব যে তিনি একটি মেয়াদের বেশি টিকতে পারবেন না। সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজা পরিস্থিতি, ইরান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খাদ্য রুচি এবং যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষ বৃদ্ধির বিষয়েও কথা বলেন।
আলোচনার একপর্যায়ে উপস্থাপক অ্যারন স্টাইনি স্টেইনবার্গ মামদানিকে ‘ইহুদিবিদ্বেষী’ হিসেবে চিহ্নিত করেন এবং এ নিয়ে নেতানিয়াহুর প্রতিক্রিয়া জানতে চান। জবাবে নেতানিয়াহু বলেন, “আপনি পুলিশের বাজেট কমাতে চান? আপনি কি চান মানুষ দোকানে ঢুকে জিনিসপত্র চুরি করুক, আর কেউ বাধা না দিক? এটাকে কি আপনি সুস্থ সমাজ বলবেন?”
তবে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, মামদানি স্পষ্ট করে জানিয়েছেন যে, তিনি পুলিশের বাজেট ছাঁটাই করতে চান না, বরং বাজেটের পুনর্বিন্যাসে আগ্রহী—যাতে আইন প্রয়োগকারী সংস্থা গুরুতর অপরাধ মোকাবেলায় আরও কার্যকর হতে পারে।
নিউইয়র্ক শহর বিশ্বের অন্যতম বৃহৎ ইহুদি জনসংখ্যার আবাসস্থল, যেখানে প্রায় ১২ লাখ ইহুদি বাস করে। নেতানিয়াহুর এই মন্তব্য শহরের রক্ষণশীল ইহুদি ভোটারদের মধ্যে প্রভাব ফেলতে পারে। তবে শহরটি ডেমোক্র্যাটপন্থী হওয়ায় এর প্রভাব খুব বেশি বিস্তৃত নাও হতে পারে, বিশেষ করে কারণ নেতানিয়াহু উদার ইহুদিদের মধ্যে তেমন জনপ্রিয় নন।
এর আগে, মামদানি গাজায় ইসরায়েলি অভিযানের কড়া সমালোচনা করে একে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দেন। তিনি আরও বলেন, মেয়র নির্বাচিত হলে যদি নেতানিয়াহু নিউইয়র্ক সফরে আসেন এবং তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো ওয়ারেন্ট কার্যকর থাকে, তাহলে তিনি গ্রেপ্তারের উদ্যোগ নেবেন। ইসরায়েল সরকার অবশ্য গাজা ইস্যুতে গণহত্যার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
নেতানিয়াহু আরও বলেন, “আপনি যদি ধনীদের ওপর বাড়তি কর আরোপ করতে চান, তাহলে ব্যবসা-বাণিজ্য ধ্বংস হয়ে যাবে। তখন টিকে থাকা দুঃসাধ্য হবে।” মামদানির অর্থনৈতিক পরিকল্পনার সমালোচনা করে তিনি মন্তব্য করেন, এসব পরিকল্পনার বাস্তবতা বোঝাতে মানুষকে ‘বাস্তবের সঙ্গে ধাক্কা খেতে হয়’।
মামদানির প্রচার দলে থেকে নেতানিয়াহুর মন্তব্য নিয়ে সোমবার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে মামদানির প্রতিদ্বন্দ্বীরা হলেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস, রিপাবলিকান কার্টিস স্লিওয়া এবং তৃতীয় দল থেকে নির্বাচনে অংশ নেওয়া সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো। ইহুদিবিদ্বেষ সংক্রান্ত ইস্যুতে অ্যাডামস ও কুওমো দুজনই ইতিমধ্যে মামদানির সমালোচনায় সরব হয়েছেন।
তবে মামদানি তাঁর বিরুদ্ধে আনা ইহুদিবিদ্বেষের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি ইতিমধ্যে কংগ্রেসম্যান জেরি ন্যাডলার এবং সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডারের মতো প্রভাবশালী ইহুদি নেতাদের সমর্থন পেয়েছেন। সেইসঙ্গে নিউইয়র্ক শহরের ঘৃণাজনিত অপরাধ প্রতিরোধ কর্মসূচির জন্য বাজেট ৮০০ শতাংশ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।