
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে আজ আর সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের অস্ত্রোপচার চলছে।
তিনি বলেন, “এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের অস্ত্রোপচার চলতেছে। আজ সিঙ্গাপুরে নেয়ার কথা ছিল, যেহেতু এভারকেয়ার হাসপাতালে অপারেশন হচ্ছে সেহেতু এই মূহুর্তে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন মির্জা আব্বাস ছেলে মির্জা ইয়াসির আব্বাস।”
এর আগে দুপুরে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকদের মেডিকেল বোর্ড। তিনি বলেন, বিকেল ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
সকালে তার সিটিস্ক্যান করা হয়েছিল। সেই পরীক্ষার প্রতিবেদনে শারীরিক অবস্থার অবনতি ধরা পড়লে দ্রুত একটি ভার্চ্যুয়াল মেডিকেল বোর্ড বৈঠকে বসে। সবকিছু পর্যালোচনা করে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং এ বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়।
এর আগে গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পারিবারিক সূত্র জানায়, ইফতার করার সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হওয়ায় সেদিন গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।