
গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মহিমা খানম নামে এক মেয়ে শিশু নিহত হয়েছে। এ ঘটনায় মীম খানম নামে আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের উত্তর গোপীনাথপুর আশ্রয়ণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মহিমা খানম আশ্রয়ণ প্রকল্পের সুমন মিয়ার মেয়ে। আহত মীম খানম একই এলাকার ইউসুফ শেখের মেয়ে।
পুলিশ জানায়, একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় রাস্তা পারাপাররত দুই শিশুকে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মহিমা খানম মারা যায় এবং মীম খানম গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মহিমাকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মীমকে হাসপাতালে ভর্তি করা হয়।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।