
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের দাবি করা ছয়জনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করছে হাসপাতাল কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়ার রাঙ্গামাটিয়ার শাহজাহান (৪০) ও তারাকান্দার বালিখা গ্রামের কুলসুমা (৩৫) তাড়াহুড়ো করে নামতে গিয়ে গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়। বাকি দুজনের মধ্যে একজন শিশু রয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
তবে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো মৃত্যু হয়নি বলে দাবি করেছেন। তিনি অগ্নিকাণ্ডের পর চারজনের স্বাভাবিক মৃত্যুর কথা উল্লেখ করেন। তবে পদদলিত হয়ে কোনো মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। এ সময় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ধোঁয়ায় ভবনের ভেতর আচ্ছন্ন হয়ে পড়লে রোগী ও স্বজনরা দ্রুত নিচে নামার চেষ্টা করেন।
প্রাথমিকভাবে লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে হাসপাতালের লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমও সচল আছে।