
যাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আস সুন্নাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশগ্রহণ করেন ধর্মমন্ত্রী ও যাকাত বোর্ডের চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং আস সুন্নাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
বৈঠকের পর শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘বাংলাদেশে যাকাত ব্যবস্থাপনা আরো কার্যকর ও সুশৃঙ্খল করতে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। যাকাত ব্যবস্থাপনা উন্নয়নের জন্য পাঁচ থেকে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হতে পারে। ধর্মমন্ত্রী কমিটির সভাপতিত্ব করবেন। যাকাতের অর্থ কীভাবে আরও কার্যকরভাবে বণ্টন করা যায় এবং দেশের দারিদ্র্য বিমোচনে তা কীভাবে প্রত্যক্ষভাবে কাজে লাগানো সম্ভব—এসব বিষয়ে মতামত ও পরামর্শ জানতে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।’
জানা যায়, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইনের নেতৃত্বে বায়তুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, শায়খ আহমাদুল্লাহ ও স্থানীয় ইসলামি অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেমদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। তা ছাড়া পূর্ণাঙ্গ কমিটিতে কারা থাকবেন, তার নাম আগামী দশ দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয় প্রস্তাব করবে। কমিটি যাকাত ব্যবস্থাপনা ও যাকাত বোর্ড পুনর্গঠনের বিষয়ে শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ পেশ করবে।
এর আগে গত ৭ মার্চ আলেম-ওলামা ও এতিমদের সম্মানে এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, কার্যকর যাকাত ব্যবস্থাপনা আগামী ১০-১৫ বছরের মধ্যে দেশের দারিদ্র্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।