
বাংলাদেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামী, যারা সাবেক স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতনের পর দেশের নেতৃত্বের জন্য লড়াই করছেন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন মঙ্গলবার রয়টার্সকে বলেন, “বাংলাদেশি জনগণের দ্বারা যে সরকারই নির্বাচিত হোক, ওয়াশিংটন তাদের সঙ্গে কাজ করবে।”
এছাড়া মার্কিন রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশ চীনের ওপর সামরিকভাবে নির্ভরশীলতা কমিয়ে উন্নত সামরিক সরঞ্জাম পায়। তিনি বলেন, “দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে আমরা উদ্বিগ্ন। বাংলাদেশ যেন নির্ভরশীলতা কমাতে পারে, সেজন্য আমরা এবং আমাদের মিত্র দেশগুলো সরঞ্জাম সরবরাহের প্রস্তাব দিচ্ছি।”
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করেছে, “চীন ও বাংলাদেশ কৌশলগত অংশীদার হিসেবে রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তায় একসঙ্গে কাজ করছে। এ সম্পর্ক কোনো তৃতীয় দেশকে উদ্দেশ্য করে নয় এবং তৃতীয় কোনো দেশ হস্তক্ষেপ করবে না।”
সূত্র: রয়টার্স