
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান একটি নির্দিষ্ট শান্তি প্রস্তাবে সম্মতি দিলে চলমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটবে এবং হরমুজ প্রণালিতে চলমান সামরিক অভিযানও বন্ধ করা হবে। তবে প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে আরও কঠোর ও বিস্তৃত হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান রাজি হলে চলমান সামরিক অভিযান, যাকে তিনি ‘এপিক ফিউরি’ বলে উল্লেখ করেন, তা বন্ধ করা হবে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ তুলে নিয়ে আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক করা হবে।
ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি প্রস্তাবে সম্মত না হয়, তবে সামরিক অভিযান আবার শুরু হবে এবং এবার হামলার মাত্রা ও তীব্রতা আগের চেয়ে অনেক বেশি হবে।
এর আগে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ওই জলপথে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান বিশ্বজুড়ে জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি করে।
ট্রাম্পের সাম্প্রতিক এই মন্তব্যকে ঘিরে নতুন করে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হলেও এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।