থ্যাংকসগিভিং উৎসবের ছুটিতে ভয়াবহ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া এবং পশ্চিম উপকূলে প্রবল জলোচ্ছ্বাসের কারণে জনজীবন ও যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের প্রভাবে প্রায় ১০ লাখ পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে ৮ কোটির বেশি মার্কিনির ভ্রমণের কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার দেশটিতে ৪০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের আরও ২ হাজার ২০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এর আগে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সতর্ক করেছিল, বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে পুরো সপ্তাহজুড়েই ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটতে পারে।
বৃহস্পতিবার রাত নাগাদ প্রায় ১০ লাখ পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে। এর মধ্যে পেনসিলভানিয়া, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ঝড়ের প্রভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল বেগে বাতাস বয়ে যায়। একই সঙ্গে মুষলধারে বৃষ্টি ও উপকূলীয় এলাকায় ব্যাপক বন্যা দেখা দেয়।
জার্সি শোর এলাকার বেশ কয়েকটি জনপদ প্লাবিত হওয়ায় নিউ জার্সির গভর্নর মাইকি শেরিল অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন। একইভাবে নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল।
প্রতিকূল আবহাওয়ার কারণে নিউইয়র্ক সিটিতে আয়োজিত বার্ষিক ‘মেসিস থ্যাংকসগিভিং প্যারেড’ স্থগিত করে শনিবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবল বাতাসের কারণে মেরিল্যান্ডের কয়েকটি সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, ডেলাওয়্যারে শক্তিশালী ঢেউ আছড়ে পড়ে সমুদ্রসৈকত প্লাবিত হয়েছে এবং বোর্ডওয়েতে পানি উঠে এসেছে।
বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় মেরিল্যান্ডের পানি সরবরাহকারী সংস্থা প্রায় ২০ লাখ গ্রাহককে জরুরি প্রয়োজন ছাড়া পানি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে।
ন্যাশনাল ওয়াটার প্রেডিকশন সার্ভিসের তথ্য অনুযায়ী, থ্যাংকসগিভিংয়ের দিনে ওয়াশিংটন ডিসিতে রেকর্ড বৃষ্টিপাত ও জোয়ারের পানি উপচে পড়ায় রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে প্লাবিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ দেশটিতে ৯ লাখ ৮০ হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন থাকার খবর পাওয়া যায়। সবচেয়ে নাজুক পরিস্থিতি পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও নিউ জার্সিতে।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শ্যাপিরো জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সংযোগ পুনঃস্থাপনে নিরলসভাবে কাজ করছে। তবে ভার্জিনিয়া ও নিউ জার্সির জ্বালানি কোম্পানিগুলো সতর্ক করেছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কয়েক দিনও লেগে যেতে পারে। ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপদে প্রবেশের সুযোগ না পাওয়া পর্যন্ত কর্মীদের অপেক্ষা করতে হচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার বিকেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ছুটির দিনের এই ঝড় মোকাবিলায় পূর্ব উপকূলের জন্য জরুরি তহবিল ছাড়ের বিষয়টি তিনি বিবেচনা করবেন।
পূর্বাঞ্চলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও বিরূপ আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) সতর্ক করেছে, প্রশান্ত মহাসাগর থেকে আসা ধারাবাহিক ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি, পাহাড়ি এলাকায় তুষারপাত ও প্রবল বাতাস বয়ে যেতে পারে।
উপকূলজুড়ে স্বাভাবিকের তুলনায় অনেক উঁচু জোয়ারের কারণে বন্যার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এনডব্লিউএস জানিয়েছে, বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ উপকূলের কিছু এলাকায় পানির উচ্চতা ৮ ফুট বা ২ দশমিক ৪ মিটারের বেশি হতে পারে। এতে গত মাসে রেকর্ড হওয়া সর্বোচ্চ জোয়ারের উচ্চতাও ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে সপ্তাহের শুরুতে সান দিয়েগো ও লস অ্যাঞ্জেলেসে ৮ ফুটের বেশি উচ্চতার জোয়ার রেকর্ড করা হয়। এ পরিস্থিতিতে সমুদ্রসৈকতে ভ্রমণকারীদের উপকূলীয় এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
ক্যালিফোর্নিয়া উপকূল দিয়ে চলাচলকারী ‘অ্যামট্র্যাক প্যাসিফিক সার্ফলাইনার’ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, অস্বাভাবিক উচ্চ জোয়ারে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় কয়েকটি ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।
এ ছাড়া কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশসহ প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলেও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি