
সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলা ও মারধরের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান।
মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান এ দাবি জানান। একই সঙ্গে এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতিও দাবি করেন তিনি।
সংসদে নাজিবুর রহমান বলেন, সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী রাহেদুল ইসলামের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। যুবদল নেতা নয়ন ও তাঁর সহযোগীরা ওই আইনজীবীকে গাড়ি থেকে জোর করে টেনে বের করেন। তিনি বারবার নিজেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য পরিচয় দিলেও তাঁকে ধরে নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয় এবং মারধর করা হয়। রড দিয়ে পিটিয়ে তাঁর হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বিবৃতি আশা করেছিলেন। একই সঙ্গে আইনমন্ত্রীর কাছ থেকেও বিবৃতি প্রত্যাশা করেন তিনি।
নাজিবুর রহমান আরও বলেন, যারা এ ঘটনার জন্য দায়ী, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে তাঁরা আশা করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। এ কারণে তিনি সংসদে বিষয়টি উত্থাপন করেছেন এবং সংশ্লিষ্ট দুই মন্ত্রীর ভূমিকা ও বক্তব্য প্রত্যাশা করছেন।
এদিকে রাহেদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সুপ্রিম কোর্ট শাখা। এ ঘটনায় রবিউল ইসলামের বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি মামলা দায়ের এবং তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
সাম্প্রতিক সময়ে রবিউল ইসলাম ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আটক করে মারধর ও পরে পুলিশের কাছে হস্তান্তরসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে পুলিশের অভিযানের সময় রবিউলকে দলবলসহ সেখানে উপস্থিত থাকতে দেখা যায়। ওই দিন অভিযান চালিয়ে জাসদ কার্যালয় থেকে ২৮৯ জনকে আটক করা হয়েছিল। পরে তাঁদের প্রায় সবাই জামিনে মুক্তি পান।