
যুদ্ধবিরতির ঘোষণার পরপরই পরিস্থিতি প্রশমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ইরান—দেশটি নিজেদের প্রতিরোধমূলক সামরিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে জানান, ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, “যদি ইরানের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করা হয়, তবে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরোধমূলক অভিযান বন্ধ করবে।”
এদিকে বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়েও নতুন সিদ্ধান্ত জানিয়েছে তেহরান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দুই সপ্তাহের জন্য এই প্রণালি দিয়ে নিরাপদে চলাচল করা যাবে। তবে এ ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় রাখতে হবে এবং কারিগরি সীমাবদ্ধতাগুলো বিবেচনায় নিতে হবে।
উল্লেখ্য, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রক্রিয়া চলমান থাকাকালেই ইরানের পক্ষ থেকে এই ইতিবাচক সাড়া পাওয়া গেল।