
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষকেরা। আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশে রমজানের চাঁদ দেখার জন্য প্রায় ৫০ থেকে ৫১ মিনিট সময় পাওয়া যেতে পারে, যা খালি চোখে চাঁদ দেখার জন্য অনুকূল বলে জানিয়েছেন তারা।
বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিডব্লিউওটি জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাতে নতুন চাঁদের জন্ম হবে। তবে চাঁদ সৃষ্টির দিন সাধারণত খালি চোখে তা দেখা যায় না, কারণ দৃশ্যমান হওয়ার জন্য চাঁদের বয়স অন্তত ১২ থেকে ১৮ ঘণ্টা হওয়া প্রয়োজন। ফলে মঙ্গলবার রাতে বিশ্বের অধিকাংশ স্থান থেকেই খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা কম।
তবে মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশে অত্যাধুনিক টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা গেলে সেখানে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হতে পারে। অন্যথায় রোজা শুরু হবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)।
বিডব্লিউওটি-এর হিসাব অনুযায়ী, বাংলাদেশে বুধবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং চাঁদাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে। অর্থাৎ সূর্যাস্তের পর প্রায় ৫০ থেকে ৫১ মিনিট চাঁদ আকাশে দৃশ্যমান থাকতে পারে। সে সময় চাঁদের বয়স হবে ২৪ ঘণ্টার বেশি, যা খালি চোখে দেখার জন্য আদর্শ ধরা হয়।
তবে পর্যবেক্ষকেরা সতর্ক করে জানিয়েছেন, চাঁদ দেখা সম্পূর্ণ নির্ভর করবে আকাশের স্বচ্ছতা, মেঘের উপস্থিতি এবং বায়ুদূষণের মাত্রার ওপর।
বিশেষজ্ঞদের ধারণা, গত বছরের মতো এবারও মধ্যপ্রাচ্য ও বাংলাদেশের রোজা বা ঈদ শুরুর সময়ের ব্যবধান কমে আসার একটি ‘ক্লোজ কল’ পরিস্থিতি তৈরি হতে পারে।