
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরীর প্রবেশপথ, গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা মহানগর ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লাইওভার এবং প্রবেশপথগুলোতে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
ডিএমপির এই কর্মকর্তা জানান, অপরাধ বা যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে সন্দেহজনক যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলেও তল্লাশি চালানো হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানও অব্যাহত রয়েছে।
নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্টের পাশাপাশি পিকেট ডিউটি জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে থানা পুলিশের মোবাইল প্যাট্রোল, ফুট প্যাট্রোল ও হোন্ডা প্যাট্রোলের কার্যক্রম।
সম্ভাব্য বড় ধরনের অপরাধ ও নাশকতা প্রতিরোধে গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদেরও মাঠে রাখা হয়েছে বলে জানান নিয়াজ মেহেদী।
তিনি বলেন, রাজধানীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির সব বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় নগরবাসীর সহযোগিতাও চেয়েছে ডিএমপি।