
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর অভিযোগ, মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা চালিয়ে মালামাল লুটের পর স্থাপনাটি গুঁড়িয়ে দিয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘ক্ষমতার গরমের আঁচ পড়লো স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর।’
শফিকুর রহমানের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি হামলা চালায়। তাঁর ভাষ্য, লুটপাটের পর রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং সেখানে একটি ‘রহস্যজনক’ সাইনবোর্ড টাঙানো হয়েছে।
সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা কেন্দ্রটির দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ভেতরে প্রবেশ করে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পরে ওষুধ, ভ্যাকসিন, চিকিৎসা সরঞ্জাম, নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী লুটের অভিযোগ ওঠে। একটি পাকা ও তিনটি আধা-পাকা ভবনও ভেঙে ফেলার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে এবং মামলা হয়েছে।
শফিকুর রহমান তাঁর পোস্টে প্রশ্ন তোলেন, ‘কোথায় প্রশাসন, কোথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী?’ এ ঘটনার পেছনে কারা রয়েছে, তা খুঁজে বের করার দাবি জানিয়ে তিনি অভিযোগ করেন, স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ নষ্ট করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা বলছে, অন্যদিকে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে এমন ঘটনা ঘটছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
এদিকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের কর্মকর্তারা হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রটি প্রায় ৫০ বছর ধরে মিরপুর এলাকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা, পরিবার পরিকল্পনা ও শিশুদের টিকাদান সেবা দিয়ে আসছে।