.jpg)
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে বিস্ফোরণ দুটি ঘটে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।
ওসি জানান, ঘটনাস্থলটি ধানমন্ডি ও মোহাম্মদপুর থানার সীমান্তবর্তী এলাকায়। বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় একটি সূত্রের দাবি, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজন ওই এলাকায় জড়ো হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে এ দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে।
সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের কয়েকটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সন্দেহভাজনদের শনাক্তে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করছে পুলিশ।