
রাজধানীতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ধারাবাহিকতায় এবার ভাটারার ১০০ ফিট এলাকায় একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জলসিড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বাসটিতে আগুন দেওয়া হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা স্কুলটির একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
ভাটারা থানার কর্তব্যরত কর্মকর্তা দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। কারা এবং কীভাবে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
এদিকে গত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গতকাল শনিবারও নগরীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। গত কয়েক দিনে রাজধানীতে অন্তত আটটি বাসে আগুন এবং গুরুত্বপূর্ণ স্থানে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে।
রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।