
প্রয়াত শিল্পী রাহুল অরুণোদয় ব্যানার্জির স্মৃতিচারণায় আবেগাপ্লুত হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
‘বন্ধু’ শিরোনামে লেখা এক আবেগঘন স্মৃতিতে তিনি তুলে ধরেছেন অরুণোদয়ের শিল্পীসত্তা, ব্যক্তিত্ব এবং তাদের একসঙ্গে কাজের অভিজ্ঞতা। জয়া আহসান তার লেখায় রাহুল অরুণোদয় ব্যানার্জিকে ‘অপরিসীম মগ্ন মানুষ’ এবং ‘চিরনিদ্রায় এক অনন্য শিল্পী’ হিসেবে উল্লেখ করে জানান, তার চলে যাওয়া এখনো যেন বিশ্বাস করা কঠিন।
তিনি জানান, তাদের প্রথম ও শেষ একসঙ্গে কাজ ছিল ‘ঝরা পালক’ সিনেমায়, যেখানে অরুণোদয় অভিনয় করেছিলেন কবি জীবনানন্দ দাশের চরিত্রে। বাহ্যিকভাবে পুরোপুরি মিল না থাকলেও, জয়ার ভাষায়, অরুণোদয়ের ভেতরে যেন জীবনানন্দের কবিতার এক নিরবচ্ছিন্ন প্রবাহ বিরাজ করত। সেই অভিজ্ঞতা থেকেই তিনি শিল্পী হিসেবে অরুণোদয়ের গভীরতায় মুগ্ধ হন।
স্মৃতিচারণে জয়া আরও লেখেন, অভিনয়, কথাবার্তা, আদর্শ ও লেখনী—সবক্ষেত্রেই অরুণোদয় ছিলেন নির্মেদ, মায়াময়, স্পষ্ট ও চিরন্তন, যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
লেখার শেষাংশে অরুণোদয়ের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, “প্রিয়াঙ্কা, তুমি লড়াইয়ের সমনাম—এই কঠিন সময়ে নিজেকে সামলে রেখো, সহজকে আগলে রেখো।” শেষে আবেগঘন ভাষায় তিনি লিখেছেন, ‘অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন।’