
রাজধানীর ব্যস্ত সড়কে এবার দেখা যাবে ভিন্ন সাজের রিকশা। লাল, সাদা ও নীল রঙে মোড়ানো এসব রিকশার গায়ে ফুটে উঠেছে তারকার নকশাও। যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় বিশেষভাবে তৈরি ৫০টি রিকশা উদ্বোধন করেছে মার্কিন দূতাবাস।
বুধবার (২০ মে) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এ বিশেষ রিকশাগুলোর উদ্বোধন করেন। পরে প্রতীকীভাবে একটি রিকশা চালাতেও দেখা যায় তাঁকে।
ঢাকায় মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রিকশাগুলোতে মার্কিন পতাকার আদলে লাল, সাদা ও নীল রঙ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অংশে যুক্তরাষ্ট্রের পতাকার তারার নকশাও সংযোজন করা হয়েছে।
দূতাবাসের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগের মাধ্যমে শুধু যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ইতিহাসই তুলে ধরা হয়নি, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারত্ব ও সাংস্কৃতিক সংযোগের প্রতীক হিসেবেও বিষয়টিকে উপস্থাপন করা হয়েছে।
ঢাকার রাস্তায় ঐতিহ্যবাহী রিকশাকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরার এ আয়োজন ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও নজর কাড়তে শুরু করেছে।