
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে জাহাজ থেকে গম নামানোর সময় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই শ্রমিক। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।
রোববার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রূপগঞ্জের গঙ্গানগর এলাকায় অবস্থিত ট্রাইকম ফ্রাইট অ্যান্ড লজিস্টিকস নামের একটি প্রতিষ্ঠানের ঘাটে মালামাল লোড-আনলোড চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার নৌখাদা এলাকার রতন মিয়ার ছেলে আল-আমিন (৩২) এবং একই থানার নাদোর সৈয়দপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আমিন মিয়া (২৬)। আহত শ্রমিকরা হলেন মিশু (৩১) ও শাহজাহান (৩২)। তাদের পূর্ণাঙ্গ পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের একটি লোড-আনলোড ঘাট রয়েছে, যার মালিক কাজল ঘোষ নামে এক ব্যবসায়ী। রোববার সন্ধ্যা ৬টার দিকে ক্রেনচালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম নামাচ্ছিলেন। এ সময় ক্রেনের নিচে তিনজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করে ক্রেনের তার ছিঁড়ে গেলে গ্র্যাব নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আল-আমিন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আমিন মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। এছাড়া মিশু মিয়া (২৭) নামে আরেক শ্রমিক আহত হন।
ঘাটটির সরদার মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘ক্রেনের গ্রাফ পড়ে দুইজন শ্রমিক নিহত হয়েছে। আমি তাদের সঙ্গে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সবজেল হোসেন জানান, নিহত দুই শ্রমিকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।