
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুরে পৌঁছেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নবম চালান।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনটি বিশেষায়িত লরিতে করে ইউরেনিয়াম প্রকল্প এলাকায় পৌঁছায়।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।
এদিকে, জ্বালানি আমদানির পাশাপাশি প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহও চলছে। গত ২৩ নভেম্বর দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা শুরু হয়।
এর আগে ১৭ নভেম্বর প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয় রূপপুরের বিদ্যুৎ। ওই পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল।
প্রকল্পসংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে ধাপে ধাপে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।