
দেশের সরকারি বিদ্যালয়ের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিক্ষা, কৃষি ও পুঁজিবাজার সংস্কারে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, দেশের ৬৫ হাজার সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শিক্ষা খাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হলেও মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় অগ্রগতি হয়নি। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি ধাপে ধাপে তাদের বেতন বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে।
কৃষি খাত নিয়ে তিনি বলেন, কৃষিভিত্তিক বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে কৃষিকে আরও উৎপাদনশীল ও প্রতিযোগিতামূলক করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। এ পদক্ষেপ কৃষিপণ্যের নতুন বাজার সম্প্রসারণে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পুঁজিবাজার প্রসঙ্গে তারেক রহমান বলেন, আগের সরকারের আমলে সংঘটিত অনিয়ম ও কারসাজির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সরকারের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের ফলে দেশের পুঁজিবাজার ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় ফিরছে বলেও তিনি উল্লেখ করেন।