
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক মাঠ এখন সরগরম। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীসংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।
সোমবার (২ মার্চ) শেষ দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী–র মনোনীত প্রার্থী মাসুদুর রহমান জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে ঘোষিত তফসিলে চারজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। নতুন তফসিল ঘোষণার পর তাঁদের পুনরায় কাগজপত্র জমা দিতে হয়নি।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করলে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রথমে ভোট স্থগিত করে এবং পরে তা বাতিল ঘোষণা করে। পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়। প্রয়াত প্রার্থীর ছোট ভাই মাসুদুর রহমানকে এ আসনে দলীয় মনোনয়ন দেয় জামায়াত।
এ আসনে অন্যান্য প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ–র আবু তালেব মো. সাইফুদ্দিন, সমাজতান্ত্রিক দলের মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম। তবে আমিনুল ইসলাম বিএনপি প্রার্থী মাহমুদুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ২৭৭ জন। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ৫ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ এবং ১৫ মার্চ প্রতীক বরাদ্দ করা হবে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আচরণবিধি লঙ্ঘন বা কোনো ধরনের অনিয়মের চেষ্টা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।