
বাংলা নববর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় আয়োজিত বৈশাখী মেলা ও সাংস্কৃতিক কনসার্টে অংশ নিতে যাচ্ছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। প্রবাসী বাংলাদেশিদের আনন্দ-উৎসবকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে থাকছে গান, নাচ ও নানা সাংস্কৃতিক পরিবেশনা।
আগামী ৯ মে দেশি ইয়ুথ অ্যাসোসিয়েশন ওকলাহোমার উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে জায়েদ খানের পাশাপাশি অংশ নেবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, পারভেজ সাজ্জাদ ও বিন্দু কনা।
অনুষ্ঠান নিয়ে জায়েদ খান বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা সবসময় আমাকে অনুপ্রাণিত করে। ওকলাহোমায় প্রথমবারের মতো বৈশাখী মেলায় অংশ নিতে যাচ্ছি, এটি আমার জন্য আনন্দের। আশা করি সবার সঙ্গে ভালো একটি সময় কাটবে।
তিনি আরও বলেন, দেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিদেশের মাটিতে এভাবে উদযাপন করা গর্বের বিষয়। আয়োজনে যারা অংশ নেবেন, তাদের জন্য এটি একটি স্মরণীয় অভিজ্ঞতা হবে।
আয়োজকরা জানিয়েছেন, প্রবাসীদের অংশগ্রহণে বৈশাখী মেলা এবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে, যেখানে বাংলা সংস্কৃতির নানা রূপ তুলে ধরা হবে।