
শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কোনোভাবেই পিছপা হয়নি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। তিনি বলেন, অর্থনৈতিক নানা চাপের মধ্যেও শ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন প্রসঙ্গে জুনায়েদ সাকি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ অনুযায়ী প্রতি তিন বছর পরপর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের বিধান রয়েছে। বর্তমান সরকার সেই বিধান গ্রহণ করেছে। তিন বছর পূর্ণ হওয়ার সময় ঘনিয়ে আসায় মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিক প্রতিনিধি দেওয়ার পরদিনই মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, শ্রমিকরা তাদের মজুরির দাবিতে আন্দোলন করবেন, এটাই স্বাভাবিক। দেশে গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতির অবনতির কারণে অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে। এত প্রতিকূলতার মধ্যেও সরকার মজুরি বোর্ডের কার্যক্রম থেকে সরে আসেনি। শ্রমিকরা তাদের দাবি তুলে ধরবেন, অন্যদিকে মালিকপক্ষও নিজেদের অবস্থান জানাবেন। উভয় পক্ষের আলোচনার মধ্য দিয়েই একটি মজুরি কাঠামো নির্ধারণ করা হবে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের শিল্প-কলকারখানার বিকাশ নিশ্চিত করতে হলে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করতে হবে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় অতীতেও তাদের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন আন্দোলনকে কাজে লাগিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে শ্রমিক আন্দোলনে যুক্ত ব্যক্তিদের সতর্ক থাকতে হবে। কোনো শক্তি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। অতীতে যেভাবে তারা উৎখাত হয়েছিল, ভবিষ্যতে আবারও এমন চেষ্টা করা হলে জনগণ তা প্রতিহত করবে।
এ সময় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি।