
নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে আবারও রাজপথে নেমেছেন সরকারি কর্মচারীরা। ৯ম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশ ও কার্যকরের এক দফা দাবিতে তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার দিকে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
এর আগে শুক্রবার, ৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন আন্দোলনকারীরা। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এই সমাবেশে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সরকারি ও আধা সরকারি দপ্তর এবং পে-স্কেলের আওতাভুক্ত অফিসের কর্মচারীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী বলেন, ‘কর্মচারীরা শান্তিপূর্ণভাবে এবং কর্মচারী শৃঙ্খলাবিধির মধ্য থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকার ৩১ জানুয়ারির মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশ করবে বলে প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হওয়ায় কর্মসূচি আরো জোরদার করা হয়েছে।’
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশ যখন নির্বাচনী সময়ে প্রবেশ করেছে, তখনও বেতন কাঠামো সংক্রান্ত এই দাবি নিয়ে অনড় রয়েছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তার আগেই নবম জাতীয় পে স্কেলের গেজেট জারির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন তারা।
আন্দোলনের সঙ্গে যুক্ত নেতারা জানান, দাবি আদায়ের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় সারা দেশে একযোগে কর্মবিরতি পালন করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ শেষে যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেওয়া হয়।