
সরকারি দপ্তর ও সংস্থার ভবনের ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সৌর প্যানেল স্থাপনের উপযোগী সরকারি ভবনের সংখ্যা ও ছাদের আয়তনের তথ্য চাওয়া হয়েছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব এবং সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিবদের এ বিষয়ে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
চিঠিতে বলা হয়েছে, যেসব সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করা সম্ভব, সেসব ভবনের সংখ্যা ও ছাদের আয়তন জরুরি ভিত্তিতে নির্ধারণ করতে হবে। এ সংক্রান্ত প্রতিবেদন আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রতিবেদনটির একটি অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারি ভবনের অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানো এবং বিদ্যুৎ ব্যবস্থায় সৌরশক্তির ব্যবহার সম্প্রসারণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।