
সাভারের কুখ্যাত ‘সিরিয়াল কিলার’ মশিউর রহমান খান সম্রাট মারা গেছেন। সোমবার (২৩ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সম্রাটের আসল নাম সবুজ শেখ। তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মৌছামান্দা গ্রামের পান্না শেখের ছেলে। সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন জানান, কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় গতকাল ভোরে সম্রাট বুকে তীব্র ব্যথা অনুভব করেন। এরপর কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে সাভার এলাকায় সাতটি ধারাবাহিক হত্যাকাণ্ডে সম্রাটের যুক্ত থাকার অভিযোগ ছিল। তদন্তে দেখা গেছে, সাভার পৌর এলাকার একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টারকে তিনি ‘মৃত্যুফাঁদ’ হিসেবে ব্যবহার করতেন। অভিযোগ রয়েছে, সেখানে ডেকে নিয়ে একাধিক ব্যক্তিকে হত্যা করেছেন তিনি।
ওই সময় সিসিটিভি ফুটেজে দেখা যায়, হত্যার শিকারদের লাশ কাঁধে তুলে বহন করার দৃশ্য, যা দেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।
পরে ২০২৬ সালের জানুয়ারিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্রাটকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় পাঁচটি হত্যা মামলা ছিল। পুলিশ জানিয়েছিল, এসব মামলার মধ্যে তার স্বীকারোক্তি এবং সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত পাওয়া গেছে।