
ঢালিউডের প্রয়াত নায়ক সালমান শাহের মৃত্যুকে ঘিরে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে অভিনেত্রী শাবনূরের নাম। সালমানের মৃত্যুর পর তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা আলোচনা ও গুঞ্জন ছড়ায়।
এমনকি সালমান শাহ ও শাবনূরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও খবর ছড়িয়ে পড়েছিল। তবে শাবনূর বরাবরই বলে এসেছেন, তাদের সম্পর্ক ছিল ভাই-বোনের মতো। এবার সেই সম্পর্ক নিয়ে কথা বলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরীও।
সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে গিয়ে ছেলে সালমান শাহর সঙ্গে শাবনূরের সম্পর্কের প্রসঙ্গও তোলেন নীলা চৌধুরী।
তার ভাষ্য, শাবনূরের সঙ্গে সালমানের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। বরং শাবনূরকে নিজের বোনের মতোই দেখতেন তার ছেলে।
নীলা চৌধুরী বলেন, সালমান শাহর সঙ্গে শাবনূরের কখনোই প্রেমের সম্পর্ক ছিল না।
তিনি বলেন, ‘সালমানের হত্যাকাণ্ড সম্পর্কে শাবনূর সবকিছু জানতো। তবে শাবনূরের সঙ্গে আমার ছেলের কোনও প্রেম ছিল না। শাবনূর আমার ছেলের ওপর নির্ভরশীল ছিল। শাবনূরকে চেষ্টা করতো সাহায্য করতে। তার কোনও বোন ছিল না, সে বোনের মতোই দেখতো তাকে। স্নেহ করতো।’
নীলা চৌধুরীর এমন বক্তব্যের সঙ্গে শাবনূরের ভক্তরাও একমত পোষণ করছেন। তাদের প্রিয় অভিনেত্রীকে ঘিরে যে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল, সেটি মিথ্যা বলেই দাবি করছেন তারা।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। তার প্রথম সিনেমার নায়িকা ছিলেন মৌসুমী। এরপর ‘তুমি আমার’ সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন সালমান শাহ। সিনেমাটি মুক্তির পর বাংলা চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয়তা পায় সালমান-শাবনূর জুটি।
মাত্র চার বছরের অভিনয়জীবনে সালমান শাহ ২৭টি সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর।
‘তুমি আমার’ সিনেমার মাধ্যমে শুরু হয় সালমান-শাবনূর জুটির পথচলা। এরপর একে একে তারা অভিনয় করেন ‘সুজন সখী’, ‘বিচার হবে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’সহ ১৪টি সিনেমায়। তাদের জুটির অধিকাংশ সিনেমাই ব্যবসায়িক সাফল্য পায়।